কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় আপাতত কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য সংশ্লিষ্ট আবেদনটি খারিজ করে দিয়েছেন। তবে মূল মামলাটি খারিজ হয়নি। দু’পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, কলকাতা পুরসভায় আগে ওয়ার্ডের সংখ্যা ছিল ১৪৪। পরে তা বাড়িয়ে ২০৮ করা হয়। নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে এই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়নি, এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা।
বৃহস্পতিবারের শুনানিতে আদালত নির্দেশ দিয়েছে, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে। অন্যদিকে, তৃণমূল ও সিপিআইএমকে চার সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে হবে। ছ’সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে।
এদিকে, ডিসেম্বর মাসেই কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা। তার আগে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বৃহস্পতিবারের শুনানির দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। তবে আদালত আপাতত পুনর্বিন্যাসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। কোনও স্থগিতাদেশও জারি হয়নি। ফলে আইনজীবীদের একাংশের মতে, আপাতত কলকাতা পুরসভার ভোট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আদালতের কোনও বাধা নেই।




















