কলকাতা: কলকাতা পুরসভার ভোট ঘিরে জটিলতা অব্যাহত। ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার শুনানি শুক্রবার। তার আগে পুরভোটের দিনক্ষণ ঘোষণা করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা-সহ রাজ্যের সাতটি পুরসভার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা নির্ধারিত দিনে প্রকাশ করা হচ্ছে না।
আগামী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে কমিশন। তবে ঠিক কী কারণে ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হল, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি। পরবর্তী সময়ে তালিকা প্রকাশের নতুন দিন জানানো হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
দীপাবলির পরেই কলকাতা-সহ সাত পুরসভার ভোটের দিনক্ষণ স্পষ্ট হতে পারে বলে রাজ্য প্রশাসনের তরফে ইঙ্গিত মিলেছে। সেই আবহেই আপাতত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের পরিকল্পনা ছিল, চলতি নভেম্বর মাসেই পুরভোট আয়োজন করা। সেই মতো গত জুলাই মাসের ভোটার তালিকাকে ভিত্তি করে প্রস্তুতি শুরু হয়েছিল।
কিন্তু ডিলিমিটেশন সংক্রান্ত মামলা ভোটের প্রস্তুতিতে নতুন জটিলতা তৈরি করেছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি। আদালতের নির্দেশ অনুযায়ী, শুনানি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। ফলে পুরভোটের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আদালতের পরবর্তী সিদ্ধান্তের উপর।
উল্লেখ্য, ভোটার তালিকা তৈরির দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের। সেই তালিকা নিয়েই রাজ্য নির্বাচন কমিশন পুরসভা নির্বাচন পরিচালনা করে। পুরভোটের ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণ করা হয়। ফলে আদালতের শুনানি এবং পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্তের দিকে এখন নজর রাজনৈতিক মহলের।



















