কেষ্টপুর: বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে উদ্যোগী রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি নিয়োগকারী সংস্থার যোগাযোগের সুযোগ করে দিতে তাঁর উদ্যোগে কেষ্টপুরে আয়োজন করা হয়েছে ‘রাজারহাট-গোপালপুর মেগা জব ফেয়ার’। এই চাকরি মেলায় এক ছাতার তলায় হাজির হয়েছে ৭০টিরও বেশি সংস্থা। দু’দিন ধরে চলবে এই কর্মসূচি।
দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এবং রাজারহাট-নিউটাউন ও বিধাননগর বিধানসভা মিলিয়ে মোট ন’টি এলাকার চাকরিপ্রার্থীদের এই মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। দমদম, উত্তর দমদম, বরানগর, কামারহাটি, রাজারহাট-গোপালপুর, বিধাননগর ও পানিহাটি-সহ বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এখানে সরাসরি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ খুঁজে নিতে পারবেন তাঁরা।
উদ্যোক্তাদের দাবি, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি, নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে ধারাবাহিক আলোচনার ভিত্তিতে তাদের চাহিদা এবং চাকরিপ্রার্থীদের যোগ্যতার মধ্যে সামঞ্জস্য রেখে এই কর্মসূচি সাজানো হয়েছে।
বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য, মানুষের কাজের অর্থ তাঁর রোজগারের ব্যবস্থা করা, যাতে তিনি ভালো থাকতে পারেন। প্রত্যেক মানুষেরই কাজের প্রয়োজন রয়েছে। রাজ্যে বহু যুবক-যুবতী কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। তাঁদের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, চাকরি দিতে আগ্রহী সংস্থা এবং চাকরিপ্রার্থী—উভয় পক্ষই এক জায়গায় এসে নিজেদের প্রয়োজন ও সুযোগের মধ্যে সমন্বয় তৈরি করতে পারবেন।
তিনি আরও বলেন, কোনও ‘ইউসলেস পলিটিক্যাল ফোর্স’ তৈরি করার বদলে মানুষের কাজ ও রোজগারের ব্যবস্থা করাই বেশি গুরুত্বপূর্ণ।




















