রাজ্য – আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সাংবাদিকদের জন্য বড় প্রতিশ্রুতি ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। শনিবার কলকাতা প্রেস ক্লাব-এ ‘মিট দ্য প্রেস’ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত যোগ্য সাংবাদিকদের প্রতি মাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
তিনি স্পষ্ট করে বলেন, এই প্রকল্পে কোনও বিভাজন থাকবে না এবং সমস্ত সাংবাদিকই এর আওতায় আসবেন। তাঁর কথায়, “এখানে ‘আমরা বনাম ওরা’ বলে কিছু থাকবে না। প্রত্যেক সাংবাদিক এই সুবিধা পাবেন।” পাশাপাশি সাংবাদিকদের জন্য ট্রেনে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থাও করা হবে বলে ঘোষণা করেন তিনি।
সাংবাদিকদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারবেন। প্রথম দফার ভোটের আগে এই প্রতিশ্রুতি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস-কেও তীব্র আক্রমণ করেন তিনি। বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের পর ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় এসে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বলে উল্লেখ করেন শমীক। তাঁর অভিযোগ, “অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলা হলেও বাস্তবে তা হয়নি।”
রাজ্যের শিল্প, কর্মসংস্থান এবং কৃষি পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিনিয়োগ কমেছে, কৃষকরা সমস্যায় পড়েছেন এবং শিক্ষাক্ষেত্র-সহ বিভিন্ন দপ্তরে দুর্নীতি বেড়েছে।
বিনিয়োগের ক্ষেত্রে উত্তরপ্রদেশ ও ওড়িশা-র উদাহরণ টেনে তিনি বলেন, অন্যান্য রাজ্যে উন্নয়ন হচ্ছে, কিন্তু বাংলায় তা থমকে রয়েছে। বিজেপির ‘সংকল্প পত্র’-এর কথা উল্লেখ করে তিনি জানান, ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত ও ভয়ের পরিবেশহীন সমাজ গড়াই তাদের লক্ষ্য।
এছাড়াও মহিলাদের নিরাপত্তা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতিও পুনরায় তুলে ধরেন তিনি। সব মিলিয়ে ভোটের আগে বিজেপির এই ঘোষণাগুলি রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল।




















