গঙ্গাসাগর পর্যন্ত রেললাইন পৌঁছে দেওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর, টানেল বা সেতুর প্রস্তাব

গঙ্গাসাগর পর্যন্ত রেললাইন পৌঁছে দেওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর, টানেল বা সেতুর প্রস্তাব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


সাঁতরাগাছি

গঙ্গাসাগরকে রেল মানচিত্রে যুক্ত করার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টানেল তৈরি করে হোক কিংবা সেতুর মাধ্যমে, গঙ্গাসাগর পর্যন্ত রেললাইন পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার সাঁতরাগাছিতে রেলের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন রেলমন্ত্রী। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে এই দাবি তোলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “গঙ্গাসাগর পর্যন্ত রেললাইন চাই। এটা আমার অনুরোধ রেলমন্ত্রীর কাছে। টানেল হোক অথবা সেতু করে গঙ্গাসাগর পর্যন্ত রেললাইন পৌঁছে দেওয়া হোক। সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। আমরা সেতু করছি। আপনারা রেল মানচিত্রে নিয়ে আসুন গঙ্গাসাগরকে।”

গঙ্গাসাগর পর্যন্ত রেল পরিষেবা চালু হলে তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সেই লক্ষ্যেই রেলমন্ত্রীর কাছে প্রকল্পটি বাস্তবায়নের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রেল প্রকল্পে সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের প্রশংসা

এ দিনের অনুষ্ঠানে রেল প্রকল্পের কাজে সহযোগিতার জন্য বর্তমান রাজ্য সরকারের প্রশংসা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অন্যদিকে, বক্তব্য রাখতে গিয়ে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে একাধিক রেল প্রকল্পের কাজ আটকে রাখার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর দাবি, “আগের সরকার রেলের কাজ আটকে রেখেছিল। শুধু চিংড়িহাটা নয়। প্রায় ৬০টি রেল প্রকল্প তারা আটকে রেখেছিল। ১৭ দিনে চিংড়িহাটা সমস্যার সমাধান করেছি। ৬০টি রেল প্রকল্পের জন্য আমরা আলাদা ব্যবস্থা করেছি। সরকারি স্তরে বৈঠক করেছি।”

তিনি আরও বলেন, “পুরো রেল বোর্ড নিয়ে রেলমন্ত্রী এসেছেন। ৫০০টি রেলওভারব্রিজ (ROB) ও ফুট ওভারব্রিজের ছাড়পত্র আটকে ছিল, যা কেন্দ্রীয় সরকারের টাকায় হওয়ার কথা ছিল। আমরা সেই অনুমতি দিয়েছি।”

গঙ্গাসাগর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের প্রস্তাবের পাশাপাশি রাজ্যে আটকে থাকা রেল প্রকল্পগুলির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টিও এ দিনের অনুষ্ঠানে গুরুত্ব পেয়েছে। তবে গঙ্গাসাগর পর্যন্ত রেললাইন নির্মাণের বিষয়ে রেল মন্ত্রকের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top