পশ্চিমবঙ্গ —
গবাদি পশু পালন এবং গোশালাগুলির পরিকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দিতে উদ্যোগী রাজ্য সরকার। গোশালাগুলিকে অনুদান দেওয়ার জন্য ইতিমধ্যেই নতুন প্রকল্প চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পের নাম ‘গোশালা সাবসিডি স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল’। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে এই প্রকল্প কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এরপর ২৫ নভেম্বর প্রাণিসম্পদ বিকাশ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রকল্পের উদ্দেশ্য ও নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে।
কেন এই প্রকল্প চালু করছে রাজ্য?
প্রাণিসম্পদ বিকাশ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পরিস্থিতিতে উদ্ধার হওয়া গবাদি পশুদের রাখার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করাই এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য। বেআইনি পথে পশু পাচার বা পরিবহণের সময় আটক হওয়া, নির্যাতনের হাত থেকে উদ্ধার করা কিংবা রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গবাদি পশুদের নিরাপদ আশ্রয়ের প্রয়োজন হয়।
অনেক ক্ষেত্রেই এই পশুদের আশ্রয় ও দেখভালের দায়িত্ব নেয় বিভিন্ন গোশালা। কিন্তু পশুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের খাবার, চিকিৎসা এবং রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে যায়। সেই আর্থিক চাপ সামাল দিতে গোশালাগুলিকে সরকারি অনুদান দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।




















