বিনোদন – অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের শোকের ছায়া নেমে এল টলিউডে। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি রেখে গিয়েছেন স্ত্রী রুমা দাশগুপ্ত ও কন্যা প্রিয়ম দাশগুপ্তকে। টলিউডে একাধিক জনপ্রিয় ছবিতে শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত ছিলেন বিপ্লব দাশগুপ্ত। বিশেষ করে নেগেটিভ চরিত্রে তাঁর উপস্থিতি দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছিল।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল ও অভিষেক চট্টোপাধ্যায়ের মতো বহু জনপ্রিয় অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি টেলিভিশন ধারাবাহিকেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
২০০৪ সালে ‘শ্যাডোজ অফ টাইম’ ছবির মাধ্যমে তাঁর চলচ্চিত্র জগতে প্রবেশ। এরপর ‘বাইশে শ্রাবণ’, ‘ফেলুদা’ এবং ‘গুমনামি’র মতো একাধিক গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করে প্রশংসা অর্জন করেন তিনি। ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো কিংবদন্তিদের সঙ্গে কাজ করার সুযোগ পান।
অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ বাচিকশিল্পী ও আবৃত্তিকার। সাহিত্য ও নাট্যজগতের সঙ্গেও তাঁর গভীর সম্পর্ক ছিল। অভিনয়ে আসার আগে তিনি স্কুল শিক্ষক হিসেবেও কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে ভয়েস-ওভার আর্টিস্ট ও বিজ্ঞাপন জগতেও দীর্ঘদিন কাজ করেন, তারপর পুরোপুরি অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করেন।
তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম নিশ্চিত করেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেছেন। টলিউডের এই অভিজ্ঞ অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে।


















