রাজ্য – তৃণমূল কংগ্রেসে একের পর এক নেতা ও সাংসদের দলত্যাগ এবং নতুন রাজনৈতিক সমীকরণের আবহে মুখ খুললেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। বিদ্রোহীদের কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। একই সঙ্গে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানিয়েছেন।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয় বলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর সবচেয়ে বেশি খারাপ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যাঁদের উপর দীর্ঘদিন ধরে দলনেত্রী আস্থা রেখেছিলেন, তাঁদের একাংশের দলত্যাগকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।
দলত্যাগীদের উদ্দেশে বাবুল সুপ্রিয়র স্পষ্ট বার্তা, যদি তাঁরা সত্যিই মনে করেন যে মানুষের সমর্থন তাঁদের পক্ষেই রয়েছে, তাহলে সাংসদ বা বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। তাঁর মতে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়ে পরে অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়া নৈতিকতার পরিপন্থী।
পাশাপাশি দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন তিনি। এই প্রসঙ্গে তিনি শুভেন্দু অধিকারীর কাছেও প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানান।
বাবুল সুপ্রিয় আরও বলেন, “আমি দিদির সঙ্গেই আছি। রাজ্যসভায় যে বিষয়গুলি তোলার প্রয়োজন, সেগুলি তুলব। আমি শান্তিতে কাজ করতে চাই।”



















