দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ, তবে ঝড়-বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি

দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ, তবে ঝড়-বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – গ্রীষ্মের শুরুতেই তীব্র দাবদাহে নাজেহাল হয়ে উঠেছে বাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গায়ে জ্বালা ধরানো গরমে কার্যত পুড়ছে জনজীবন। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় সাধারণ মানুষের অস্বস্তি চরমে পৌঁছেছে, রাস্তাঘাট থেকে ঘর—সব জায়গাতেই গরমের প্রভাব স্পষ্ট।
তবে এই তীব্র গরমের মধ্যেই কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে সাময়িকভাবে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।
এছাড়াও বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে না, অনেক জায়গাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার জেরে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা-এ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে, আর পশ্চিমের জেলাগুলিতে তা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। কোথাও কোথাও ৪০ ডিগ্রিরও বেশি তাপমাত্রা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top