কলকাতা
দিল্লি সফর শেষ করে কলকাতায় ফিরেই ভবানী ভবনে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক কয়েকটি ঘটনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন তিনি। দিল্লির রাজনৈতিক আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “দিল্লির কথা দিল্লিতেই হবে।”
সম্প্রতি ঘটে যাওয়া একটি অনভিপ্রেত ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, বিষয়টি নিয়ে রাজ্য পুলিশ ইতিমধ্যেই বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। সংশ্লিষ্ট ব্যক্তির উপর আক্রমণ এবং পুলিশের পাল্টা পদক্ষেপের বিষয়েও তথ্য জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। তাই এ নিয়ে নতুন করে বেশি কিছু বলার প্রয়োজন নেই বলেই মনে করেন মুখ্যমন্ত্রী।
আইন ভাঙলে পদক্ষেপ করবে পুলিশ
বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কোনও ঘটনাকে শুধু রাজনৈতিক পরিচয়ের নিরিখে বিচার করা উচিত নয়। তাঁর বক্তব্য, কেউ আইন ভাঙলে পরিস্থিতি অনুযায়ী পুলিশকে পদক্ষেপ করতে হবে। আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ নীরব দর্শক হয়ে থাকতে পারে না।
রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথাও ফের উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান এবং নারীদের উপর অত্যাচারের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানান তিনি।
মাদক ও নারী নির্যাতনে ‘জিরো টলারেন্স’
মুখ্যমন্ত্রীর কথায়, “আমি প্রথম থেকেই বলেছি, পুলিশকে দুটো বিষয়ে খোলা ছাড় দেওয়া আছে। একটি হলো নেশামুক্তি তথা মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান, এবং অন্যটি হলো আমাদের কন্যা, বোন, দিদি ও মা— নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি।”
তিনি আরও জানান, সংবেদনশীল পরিস্থিতিতে ঘটনাস্থলের পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে পুলিশ যে সিদ্ধান্ত নেবে, সরকার এবং পুলিশমন্ত্রী হিসেবে তিনি সেই সিদ্ধান্তের ক্ষেত্রে পুলিশকর্মীদের পাশে থাকবেন। তাঁর কথায়, অভিভাবক ও ‘ঢাল’ হয়ে পুলিশকর্মীদের পাশে দাঁড়াবেন তিনি।
গাঁজা, চরস, ফেনসিডিল, হেরোইন ও কোকেনের মতো বেআইনি মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশও দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। বিধানসভাতেও এ বিষয়ে পুলিশকে কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে বলে তাঁর বক্তব্য।




















