হরিয়ানা —
উৎসবের মরসুমে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর। দীপাবলি ও ধনতেরাসের উপহার হিসেবে আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করল হরিয়ানা সরকার। একইসঙ্গে পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এই ঘোষণা করেছেন।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্ধিত ডিএ এবং ডিআর ১ জুলাই থেকে কার্যকর হবে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতার হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে দাঁড়াল।
এই সিদ্ধান্তের সুবিধা পাবেন হরিয়ানার প্রায় ২.৭৮ লক্ষ নিয়মিত রাজ্য সরকারি কর্মচারী এবং ২.৬ লক্ষ পেনশনভোগী। শুধু তাই নয়, বিভিন্ন বোর্ড, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত সংস্থা এবং সরকারি ক্ষেত্রের উদ্যোগগুলিতে কর্মরত কর্মীরাও এই বর্ধিত সুবিধার আওতায় আসবেন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য কোষাগারের উপর অতিরিক্ত প্রায় ৫৪৫ কোটি টাকার আর্থিক বোঝা পড়বে। উৎসবের মরসুমে সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।




















