রাজ্য -আজ সকাল থেকে শুরু হয়েছে পুনরায় ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটপ্রক্রিয়া। দ্বিতীয় দফার ভোটের দিন যেমন আবহাওয়া মনোরম ছিল, তেমনই কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টিও হয়েছে। আজও দুই বঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির কাছাকাছি থাকবে।
কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ ভোটগ্রহণ চলাকালীন সময়ে এসব এলাকায় আবহাওয়ার অস্থিরতা দেখা দিতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ভোটের দিন এই আবহাওয়ার পরিস্থিতি প্রশাসন ও ভোটার—উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।



















