রাজ্য – জেলা থেকে কলকাতা, সকাল থেকেই মুখ ভার আকাশের। মহানগরের একাধিক এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে। এর মধ্যেই আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা।
পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বৃহস্পতিবার লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির দু-একটি জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে উপকূলবর্তী এলাকায় পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যেতে পারে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে কলকাতার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।
প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে আগামী ১৫ অগস্ট, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে উপকূলবর্তী এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



















