রাজ্য – আন্তঃরাজ্য পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে পশ্চিমবঙ্গ ও সিকিম সরকারের মধ্যে একটি নতুন রিসিপ্রোক্যাল ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার কলকাতার পরিবহণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে দুই রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তারা এই গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেন।
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের প্রধান সচিব রবীন্দর সিং, সিকিম সরকারের পরিবহণ সচিব মনীশ প্রধান এবং সিকিম স্টেট ট্রান্সপোর্ট অথরিটির এটিসি-সহ সচিব রোশন প্রধান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
এই চুক্তির ফলে সিকিমের পরিবহণ ব্যবস্থা ও চালকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা চালু হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হিসেবে, সিকিমের ট্যাক্সি গাড়ির কাউন্টার সিগনেচার পারমিটের সংখ্যা ৩,০০০ থেকে বাড়িয়ে ৬,০০০ করা হয়েছে। পাশাপাশি বিশেষ পারমিটে চলাচলকারী ট্যাক্সিগুলি এবার থেকে শিলিগুড়ি-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ফেরার সময় যাত্রী তুলতে পারবে।
এছাড়াও রংপো ও মেল্লি রুটে চলাচলকারী সিকিমের পরিবহণ গাড়িগুলির জন্য নতুন করিডর সুবিধা চালু করা হয়েছে। এর ফলে ওই রুটে আর কাউন্টার সিগনেচার পারমিটের প্রয়োজন হবে না। সিকিম সরকারের মতে, এই সিদ্ধান্তে রাজ্যের হাজার হাজার চালক ও পরিবহণ ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন এবং তাঁদের আয়ের নতুন সুযোগ তৈরি হবে।
চুক্তিকে স্বাগত জানিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে) একে রাজ্যের পরিবহণ খাতের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবহণমন্ত্রী অর্জুন সিং এবং পশ্চিমবঙ্গ সরকারকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।




















