দেশ – গত বছরের আজকের দিনেই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় কাশ্মীরি। অভিযোগ, ধর্ম পরিচয় দেখে বেছে বেছে কিছু মানুষকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, যার ফলে একাধিক পরিবার চিরতরে ভেঙে যায়। কেউ চোখের সামনে স্বামীকে হারিয়েছেন, কেউ বাবা বা সন্তানকে হারানোর যন্ত্রণা বয়ে চলেছেন। সেই মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হল আজ।
হামলার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এক্স-এ তিনি লেখেন, গত বছর এই দিন ঘটে যাওয়া পহেলগাঁও হামলায় নিহত নিরীহ মানুষদের কখনো ভোলা যাবে না। শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতির সময়ে দেশ তাদের পাশে রয়েছে।
প্রধানমন্ত্রী আরও স্পষ্টভাবে জানান, ভারত কখনোই সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না। তাঁর বক্তব্যে উঠে আসে যে, শোক ও সংকল্প—দু’দিক থেকেই দেশ আজ ঐক্যবদ্ধ। সন্ত্রাসীদের যেকোনও ষড়যন্ত্র ব্যর্থ হবেই বলে তিনি দৃঢ় বার্তা দেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীও তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। সেনার তরফে জানানো হয়েছে, মানবতার সীমা লঙ্ঘিত হলে তার জবাব হয় নির্ণায়ক। ওই বার্তায় ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, গত ৭ মে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছিল এবং একাধিক অবকাঠামো ধ্বংস করা হয়।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীর প্রশাসন পহেলগাঁও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। বর্ষপূর্তি উপলক্ষে যাতে শান্তিপূর্ণভাবে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেজন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এই ঘটনায় আবারও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



















