প্রেসিডেন্সির পোস্টার বিতর্কে বহিষ্কার প্রত্যাহারের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি গায়েত্রী পালের

প্রেসিডেন্সির পোস্টার বিতর্কে বহিষ্কার প্রত্যাহারের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি গায়েত্রী পালের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা —

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবিভিপির পোস্টার ঘিরে বিতর্কের রেশ এখনও কাটেনি। স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া পোস্টারে অপশব্দ লেখা এবং অন্য ছাত্র সংগঠন সম্পর্কে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে দুই পড়ুয়াকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সেই শাস্তি প্রত্যাহারের দাবিতে কর্তৃপক্ষকে চিঠি দিলেন বহিষ্কৃত পড়ুয়া গায়েত্রী পাল।

গায়েত্রী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর কোর্স শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি ছিল। তার আগেই পোস্টার বিতর্কে নাম জড়িয়ে বহিষ্কারের মুখে পড়েন তিনি। তবে গায়েত্রীর দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ নেই। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত থাকলেও দূরে দাঁড়িয়ে এক প্রাক্তনীকে সঙ্গ দিচ্ছিলেন মাত্র। তাঁর প্রশ্ন, কোনও প্রত্যক্ষ ভূমিকা না থাকা সত্ত্বেও কেন তাঁকে বহিষ্কারের মতো কঠোর শাস্তি দেওয়া হল?

এর আগে ডিন অফ স্টুডেন্টসকে পাঠানো চিঠিতেও তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন গায়েত্রী। তাঁর অভিযোগ, তদন্তের সময় তাঁকে সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি। পাশাপাশি নিজের বক্তব্য পেশ করার যথাযথ সুযোগও পাননি তিনি।

গায়েত্রীর দাবি, তদন্ত কমিটির সিদ্ধান্ত এবং বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে তদন্ত সংক্রান্ত প্রয়োজনীয় নথি প্রকাশের দাবিও জানিয়েছেন তিনি।

একইভাবে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছেন আরও এক বহিষ্কৃত পড়ুয়া তথা প্রাক্তনী অলিভিয়া বন্দ্যোপাধ্যায়ও। ফলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পোস্টার বিতর্ক এবার নতুন করে প্রশাসনিক ও ছাত্রমহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top