রাজ্য – কেন্দ্রীয় সরকারের রেশন প্রকল্প এবং রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। শনিবার নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় যাঁদের যতটুকু রেশন পাওয়ার কথা, তাঁরা ততটুকুই পাবেন। পাশাপাশি রাজ্য সরকারের আরকেএস-১ এবং আরকেএস-২ প্রকল্পও আগের মতো চালু থাকবে।
এই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, যাঁরা ভারতীয় নাগরিক নন বা বিদেশি নাগরিক, তাঁদের কোনওভাবেই রেশন দেওয়া হবে না। তাঁর বক্তব্য, দেশের নাগরিকদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী বিদেশি নাগরিকদের মধ্যে বণ্টনের প্রশ্নই ওঠে না। সেই কারণেই এ ধরনের ব্যক্তিদের রেশন সুবিধার আওতার বাইরে রাখা হবে।
অশোক কীর্তনীয়া আরও জানান, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের রেশন কার্ডও বাতিল বা ডিলিট করা হতে পারে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। যাঁদের বিষয় ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে অথবা যাঁরা সিএএ-র অধীনে আবেদন করেছেন, তাঁদের রেশন কার্ড আপাতত বাতিল করা হবে না বলে জানান তিনি।
এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়েও কড়া মন্তব্য করেন বর্তমান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, শুধুমাত্র একজন ব্যক্তিকে লক্ষ্য করা নয়, বরং যাঁরা অতীতে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে উৎসাহিত করেছেন এবং দুর্নীতির পরিবেশ তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
খাদ্যমন্ত্রী জানান, তাঁর প্রধান লক্ষ্য হল যাতে কোনও গরিব ও প্রকৃত উপভোক্তা রেশনের খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত না হন। পাশাপাশি রেশনে সরবরাহ করা খাদ্যশস্যের মান বজায় রাখা এবং সুষ্ঠু বণ্টন ব্যবস্থা নিশ্চিত করতেও তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। দুর্নীতি, অনিয়ম বা বেআইনি সুবিধা গ্রহণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষাই খাদ্য দফতরের সর্বোচ্চ অগ্রাধিকার।



















