কলকাতা – বিনা টিকিটে ট্রেনযাত্রা রুখতে ফের বড়সড় অভিযান চালাল ভারতীয় রেল। যাত্রীদের নিয়ম মেনে টিকিট কেটে ট্রেনে ওঠার বিষয়ে সচেতন করার পাশাপাশি টিকিটবিহীন যাত্রার বিরুদ্ধে নজরদারিও বাড়ানো হয়েছে। সেই লক্ষ্যেই শিয়ালদহ ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ শহরতলি রুটে বিশেষ টিকিট পরীক্ষা অভিযান চালানো হয়।
শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সুনীল কুমার মহালার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-ক্যানিং এবং শিয়ালদহ-বনগাঁ—এই তিনটি শহরতলি সেকশনে একযোগে টিকিট পরীক্ষা করা হয়। অভিযানের মাধ্যমে নিয়ম ভেঙে টিকিট ছাড়া যাত্রাকারীদের চিহ্নিত করার পাশাপাশি রেলের নির্ধারিত নিয়ম মেনে চলার বার্তাও দেওয়া হয়।
রেলের তরফে জানানো হয়েছে, শুধু জরিমানা বা ধরপাকড় নয়, যাত্রীদের মধ্যে টিকিট কাটার অভ্যাস ও রেল পরিষেবা ব্যবহারের নিয়ম সম্পর্কে সচেতনতা তৈরি করাও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত টিকিট পরীক্ষা চালানোর মাধ্যমে বিনা টিকিটে যাত্রার প্রবণতা কমানোর চেষ্টা করা হচ্ছে।
শিয়ালদহ ডিভিশনের ব্যস্ত শহরতলি রুটগুলিতে এই ধরনের অভিযান আগামী দিনেও চালানো হবে বলে রেল সূত্রে খবর। যাত্রীদেরও যাত্রার আগে বৈধ টিকিট সংগ্রহ করে রেলের নিয়ম মেনে চলার আবেদন জানানো হয়েছে।




















