কালীঘাট —
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরের কাঠামো ভাঙাকে কেন্দ্র করে ফের সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় কালীঘাটে অভিষেকের বাড়ির বাইরে দাঁড়িয়ে পুলিশ ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, বাড়ির বাইরের একটি কাঠামো নিয়ে পুলিশের আপত্তি রয়েছে।
মমতা জানান, শনিবারই কালীঘাট থানার পুলিশ বুলডোজার দিয়ে ওই কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। তবে আলোচনা করে সমস্যার সমাধান করা সম্ভব বলেও মত প্রকাশ করেন তিনি। এরপরই হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, বুলডোজার চালানো হলে তিনি ধরনায় বসবেন।
তাঁর কথায়, “বুলডোজার চালালে ধরনা শুরু করব। সেখান থেকে কালীঘাট মন্দির পর্যন্ত। আমার মা কালীর পুজো এখানেই হবে।”
এদিন জেলখানা তৈরি নিয়েও মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বলছেন, ৫০ হাজারের জেলখানা বানাবেন, করুন না। ওই জেলখানাই আমাদের পার্টির কার্যালয় হয়ে যাবে।”
বাড়ির বাইরের কাঠামো ভাঙার নির্দেশকে ঘিরে মমতার এই অবস্থানের পর কালীঘাটের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল।




















