রাজ্য – লক্ষ্য ভবানীপুর, তাই এই কেন্দ্রকে ঘিরে বাড়তি সতর্কতা নিচ্ছে নির্বাচন কমিশন। প্রতিটি পদক্ষেপে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনও অনিয়ম না ঘটে। কমিশনের কড়া অবস্থানের ফলেই এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন Sports Authority of India-এর এলডিসি সত্যরঞ্জন পাল, দুর্গাবালা দত্ত গার্লস স্কুলের শিক্ষক সৌভিক নন্দী এবং স্টেশনারি দপ্তরের ইউডিসি সুরঞ্জন দাস। তাঁদের বিরুদ্ধে শুধু সাসপেনশনই নয়, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে কমিশন, যা প্রশাসনিক মহলে বিরল বলেই মনে করা হচ্ছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল রাতের শিফ্টে ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে ছিলেন ওই তিন আধিকারিক। নির্বাচনের সময় এই স্কোয়াডের কাজ হল নির্দিষ্ট এলাকায় টহল দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষক ডি. রঞ্জিত কুমার আচমকা পরিদর্শনে গিয়ে দেখেন, তাঁরা ভবানীপুর থানার কাছে বসে রয়েছেন এবং দায়িত্ব পালন করছেন না।
রাত সাড়ে দশটা থেকে ১১টার মধ্যে কোথায় কোথায় পরিদর্শন করেছেন, সেই সংক্রান্ত কোনও নথি বা রেকর্ডও দেখাতে পারেননি তাঁরা। এই গাফিলতির জেরেই কমিশন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে এবারে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েট নেতার এই লড়াই ঘিরে গোটা রাজ্যের নজর রয়েছে এই কেন্দ্রে, ফলে কোনওরকম ত্রুটি এড়াতেই বাড়তি সতর্ক নির্বাচন কমিশন।



















