রাজ্য – ভাদ্রের তৃতীয় সপ্তাহেও দক্ষিণবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। বুধবারও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কয়েকটি জায়গায় দমকা হাওয়াও বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যের আবহাওয়ার পিছনে রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং একটি ঘূর্ণাবর্ত। মৌসুমি অক্ষরেখাটি পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এর পাশাপাশি কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।




















