কলকাতা
পর্দায় একসময় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এবার বাস্তবেই মন্ত্রী মর্যাদায় নতুন দায়িত্ব পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে। এই পদে তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।
৭ অক্টোবর রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মিঠুনের নিয়োগ অবিলম্বে কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন। বিজ্ঞপ্তিতে তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের Advisor হিসেবে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
মিঠুন চক্রবর্তীর নতুন দায়িত্বের নির্দিষ্ট কাজের পরিধি এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনকে রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা করার কথা জানিয়েছিলেন।
বাংলা ও হিন্দি চলচ্চিত্রে পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবন রয়েছে মিঠুনের। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গেও যুক্ত। ২০২১ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর একাধিক নির্বাচনে দলের হয়ে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। এবার সাংস্কৃতিক ক্ষেত্রে সরাসরি সরকারি দায়িত্ব পেলেন এই প্রবীণ অভিনেতা।
নতুন দায়িত্ব পাওয়ার পর বর্তমানে আলিপুরদুয়ারে শুটিংয়ে থাকা মিঠুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। আগামী দিনে তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে তাঁর ভূমিকা কী হয়, এখন সেদিকেই নজর।



















