মেঘ নেই আকাশে, তবু ঝরছে বৃষ্টি! স্ট্যাচু অফ ইউনিটির কাছে ১২ একর জুড়ে কৃত্রিম রেইনফরেস্ট

মেঘ নেই আকাশে, তবু ঝরছে বৃষ্টি! স্ট্যাচু অফ ইউনিটির কাছে ১২ একর জুড়ে কৃত্রিম রেইনফরেস্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



একতা নগর: আকাশে মেঘের ঘনঘটা নেই, অথচ মাথার উপর ঝরে পড়ছে মিহি বৃষ্টির ফোঁটা। পায়ের নীচে দিগন্তবিস্তৃত সবুজ অরণ্য, আর পর্যটকরা হেঁটে চলেছেন কাচের সেতু দিয়ে। কল্পনার মতো শোনালেও এমনই এক অভিনব অভিজ্ঞতার সুযোগ তৈরি হয়েছে গুজরাতের একতা নগরে। সর্দার বল্লভভাই প্যাটেলের স্মারক ‘স্ট্যাচু অফ ইউনিটি’র প্রাঙ্গণে পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছে এক বিশাল কৃত্রিম বৃষ্টিঅরণ্য বা রেইনফরেস্ট।

সাধারণত গুজরাত বলতেই চোখের সামনে ভেসে ওঠে রুক্ষ প্রান্তর আর তীব্র রোদের ছবি। সেই পরিবেশেই এবার পর্যটকদের জন্য সারা বছর বর্ষার আমেজ উপভোগ করার অভিনব ব্যবস্থা। প্রায় ১২ একর জায়গা জুড়ে তৈরি এই বৃষ্টিঅরণ্য গড়ে তুলতে খরচ হয়েছে প্রায় ১২ কোটি টাকা বলে জানা গিয়েছে।

মেঘ না চাইতেই জল!

গ্রীষ্ম হোক কিংবা শীত—ঋতু নির্বিশেষে এই বৃষ্টিঅরণ্যে প্রবেশ করলেই মিলবে ঝিরিঝিরি বৃষ্টির অনুভূতি। সেই কৃত্রিম বর্ষার পরিবেশ তৈরি করতে গোটা উদ্যান জুড়ে বসানো হয়েছে ২০টি বিশালাকার ‘রেইন-গান টাওয়ার’। বিশেষ প্রযুক্তির সাহায্যে এই টাওয়ারগুলি থেকে জল ছড়িয়ে এমন এক আবহ তৈরি করা হয়, যা পর্যটকদের বর্ষাকালের আমেজ এনে দেয়।

শুধু কৃত্রিম বৃষ্টিই নয়, উদ্যানের আকর্ষণ বাড়িয়েছে বুদ্বুদ ফোয়ারা বা বাবল ফাউন্টেন এবং কলকল করে বয়ে চলা জলপ্রপাত। সবুজে ঘেরা পরিবেশ, ঝিরিঝিরি জলধারা এবং কাচের সেতু দিয়ে হাঁটার অভিজ্ঞতা—সব মিলিয়ে পর্যটকদের কাছে এটি হয়ে উঠতে পারে এক অন্যরকম ভ্রমণস্থল।

প্রকৃতির বর্ষার পরিবেশকে প্রযুক্তির সাহায্যে নতুনভাবে তুলে ধরার এই উদ্যোগে স্ট্যাচু অফ ইউনিটির পর্যটন আকর্ষণে যুক্ত হল আরও একটি অভিনব সংযোজন। এবার গুজরাত ভ্রমণে ইতিহাস ও স্থাপত্যের পাশাপাশি কৃত্রিম বৃষ্টিঅরণ্যের অভিজ্ঞতাও উপভোগ করতে পারবেন পর্যটকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top