রাজ্য – বঙ্গে অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। তার জেরেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—সব জেলাতেই শীতের দাপট টানা বজায় রয়েছে। আগামী কয়েকদিন এই শীতের স্পেল চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। বুধবারের মতোই এ দিনও তাপমাত্রা প্রায় একই জায়গায় স্থির থাকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সাত দিনে তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তন হবে না—সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রির মধ্যে উঠানামা করতে পারে। আগামী এক সপ্তাহ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। চলতি বছরে স্বাভাবিক শীতের পূর্বাভাসই বজায় রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাংশে তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে। আপাতত শীতের আমেজে ভাটা পড়ার কোনও লক্ষণ নেই। পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী হলে উত্তর দিকের হাওয়ার প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হয়, সেই সময়ে তুষারপাতের প্রভাব পড়ে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে পশ্চিমী ঝঞ্ঝা সরলেই উত্তুরে হাওয়া সক্রিয় হয়ে ওঠে, আর তখনই কনকনে ঠান্ডা নেমে আসে সমতলে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন কড়া শীত বজায় থাকবে রাজ্যে, সঙ্গে সকালের কুয়াশা। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় থাকবে ঘন কুয়াশার দাপট। তবে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ নেই, তাই বৃষ্টির সম্ভাবনাও নেই বললেই চলে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শীতের প্রভাব আরও জোরালো হবে।




















