মুখ্যসচিব পদ ঘিরে জোর জল্পনা, মনোজ পন্থের মেয়াদ শেষ আজ

মুখ্যসচিব পদ ঘিরে জোর জল্পনা, মনোজ পন্থের মেয়াদ শেষ আজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্য প্রশাসনের শীর্ষ পদকে ঘিরে বছরের শেষ দিনে চলছে জোর চর্চা। বর্তমান মুখ্যসচিব মনোজ পন্থ-এর মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। তিনি বর্তমানে ছয় মাসের এক্সটেনশনে ছিলেন। ভোটের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর আরও ছয় মাসের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন দিল্লির ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (DoPT)-এ পাঠানো হলেও, এখনও পর্যন্ত সেই আবেদনের ওপর কোনও স্পষ্ট সিদ্ধান্ত এসেছে কি না তা নিয়ে প্রশাসনের অন্দরে নীরবতা বিরাজ করছে।
এই অনিশ্চয়তার মধ্যেই পরবর্তী মুখ্যসচিব কে হতে পারেন, তা নিয়েও জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, যদি মনোজ পন্থের মেয়াদ আর না বাড়ে, তাহলে মুখ্যসচিব পদের দৌড়ে নাম ওঠছে একাধিক অভিজ্ঞ আমলের। সম্ভাব্য তালিকায় রয়েছেন নন্দিনী চক্রবর্তী, বরুণ রায়, অত্রি ভট্টাচার্য এবং প্রভাত মিশ্র।
মনোজ পন্থের মূলত ৩০ জুন পর্যন্ত মুখ্যসচিব হিসেবে থাকার কথা ছিল। তবে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে কেন্দ্র থেকে এক্সটেনশনের অনুমোদন আসে। কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতর রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো বার্তায় জানায়, ২৮ জুন করা আবেদনের প্রেক্ষিতে মনোজ পন্থকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩১ অগস্ট তিনি মুখ্যসচিবের দায়িত্ব নেন, প্রাক্তন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা-র জায়গায়। সেই সময়ও গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার, কিন্তু সম্মতি মেলেনি। এরপরই দায়িত্ব পান মনোজ পন্থ।
এখন সব নজর কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। মনোজ পন্থের মেয়াদ আরও বাড়বে কি না, নাকি নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা হবে—সে উত্তর যে কোনও মুহূর্তে আসতে পারে। ততক্ষণ পর্যন্ত প্রশাসনিক মহলে অপেক্ষা ও জল্পনা সর্বত্র বিরাজ করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top