দক্ষিন 24 পরগণা – গড়িয়ার নবদুর্গা পুজো কমিটির অফিসে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠল ক্লাবেরই এক বিক্ষুব্ধ সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, অফিসে তাণ্ডব চালানোর পাশাপাশি প্রণামী বাক্স নিয়ে চম্পট দেন অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে গড়িয়া এলাকায় প্রবল শোরগোল ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই ওই ব্যক্তি পুজো কমিটির অফিসে ঢুকে ভাঙচুর শুরু করেন। অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। পরিস্থিতি সামাল দিতে স্থানীয়রা ছুটে আসেন, তবে তার আগেই প্রণামী বাক্স নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত।
ঘটনার পরেই নবদুর্গা পুজো কমিটির পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় পুজো কমিটির সদস্যদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কী কারণে এই ভাঙচুর, এর পিছনে কোনও পুরনো বিবাদ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



















