বিনোদন – চারহাত এক হল অবশেষে। সিঁদুরে রাঙা হল অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি-র সিঁথি। অভিনেতা রণজয় বিষ্ণু-র সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। যেমনটা পরিকল্পনা করেছিলেন, তেমনভাবেই সম্পন্ন হল বিয়ে। বেনারসি না পরে নিজের পছন্দের সাজেই ধরা দিলেন নতুন কনে— সহজ, রুচিশীল অথচ নজরকাড়া।
বিয়ের আসরে ছিল টলিউডের তারকাদের ভিড়। ছোটপর্দা থেকে বড়পর্দা— দুই জগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন নবদম্পতিকে আশীর্বাদ জানাতে। শুভেচ্ছা জানাতে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ফুলের তোড়া হাতে দম্পতিকে অভিনন্দন জানান রুদ্রনীল ঘোষ। বিয়েবাড়িতে নিজের বিয়ে নিয়ে খুনসুটি করতেও ভোলেননি তিনি।
এ ছাড়াও দেখা গিয়েছে আদৃত রায়, পারিজাত চৌধুরী, তথাগত মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়-সহ ইন্ডাস্ট্রির একাধিক চেনা মুখকে। আমন্ত্রিতের তালিকা যে বেশ লম্বা ছিল, তা স্পষ্ট।
বিয়ের ব্যস্ততার মাঝেও অতিথি আপ্যায়ণে কোনও খামতি রাখেননি রণজয়-শ্যামৌপ্তি। সকাল থেকেই গায়েহলুদের ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে, আর তার পর থেকেই দর্শকের কৌতূহল তুঙ্গে— কেমন হবে বিয়ের সাজ?
শ্যামৌপ্তির ছিল একটি বিশেষ আবদার— নাকে সিঁদুর পরতে চান তিনি। সেই ইচ্ছেই পূরণ হয়েছে। সিঁদুরে রাঙা শ্যামৌপ্তির লাজুক চাউনি দেখে মুগ্ধ স্বামী রণজয়।
খাওয়াদাওয়ার আয়োজনও ছিল এলাহি। একাধিক স্টার্টার, শরবতের ব্যবস্থা, আর মূল পদে বাঙালিয়ানার ছোঁয়া— চিংড়ি থেকে পাঁঠার মাংস, সবই ছিল পাতে। সাজ, আচার-অনুষ্ঠান আর তারকাসমাগমে জমজমাট এই বিয়ে এখন টলিউডে চর্চার কেন্দ্রবিন্দু।



















