আলিপুরদুয়ার
অবশেষে এনক্লোজারের গণ্ডি পেরিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রকৃতির পথে পা বাড়াল বাঘিনী। গত ২ অক্টোবর ২৫ মাইল সংলগ্ন জঙ্গলে তৈরি এনক্লোজারের গেট খুলে দেওয়া হলেও প্রায় দু’দিন সেখানেই ছিল সে। এনক্লোজারের ভিতরে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করার পাশাপাশি হরিণের মাংস খাওয়া এবং জলাধার থেকে জল পান করছিল বাঘিনী।
বন দফতরের আধিকারিক ও কর্মীরা নজর রাখছিলেন, কখন এনক্লোজার ছেড়ে জঙ্গলের স্বাভাবিক পরিবেশে পা বাড়ায় বাঘিনী। রবিবার বিকেলে অবশেষে সেই অপেক্ষার অবসান হয়। এদিন এনক্লোজার থেকে বেরিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় সে।
বাঘিনীকে এনক্লোজারের বাইরে যেতে দেখার পর বিষয়টি দ্রুত বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তাকে জানানো হয়। এরপর বনকর্মীদের মধ্যে শুরু হয় নজরদারি আরও বাড়ানোর প্রক্রিয়া।
বক্সার জঙ্গলে বাঘ ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবেই এই বাঘিনীকে আনা হয়েছে। এনক্লোজারে কিছুদিন পর্যবেক্ষণে রাখার পর এবার সে খোলা জঙ্গলে নিজের মতো করে চলাফেরা শুরু করল। ফলে বক্সার জঙ্গলে বাঘ সংরক্ষণ প্রকল্পে এটি গুরুত্বপূর্ণ একটি ধাপ বলেই মনে করছে বন দফতর।
এখন জঙ্গলে বাঘিনীর গতিবিধির উপর নজর রাখবেন বনকর্মীরা। তার চলাফেরা, শিকার ও স্বাভাবিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলিও পর্যবেক্ষণ করা হবে।




















