রাজ্য – বঙ্গে বিধানসভা নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে। মার্চেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন বলে জানা গিয়েছে। সেই আবহেই চলতি মাসে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রাথমিক সূত্রে খবর, আগামী ১৮ ফেব্রুয়ারি তিনি রাজ্যে এসে নদিয়ার মায়াপুরে ইসকনের মন্দিরে যোগ দেবেন একাধিক কর্মসূচিতে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বঙ্গের ভোট বৈতরণী পেরোতে শ্রীকৃষ্ণের দরবারে যাচ্ছেন শাহ। এবারের বিধানসভা নির্বাচনে বাংলাকে কার্যত পাখির চোখ করেছে গেরুয়া শিবির। জয়ের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের বঙ্গে যাতায়াত বেড়েছে। সম্প্রতি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েকদিন আগে বারাকপুর ও শিলিগুড়িতেও দলীয় কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, একদিনের সফরে শাহ যাবেন ISKCON-এর মায়াপুর মন্দিরে। সেখানে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মোৎসবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রাথমিক সূচি অনুযায়ী, দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মায়াপুরে পৌঁছবেন। অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সড়কপথে প্রথমে ইসকনের শঙ্খভবন এবং পরে পদ্মভবনে যাওয়ার কথা রয়েছে।
মায়াপুরে সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠকেও যোগ দিতে পারেন শাহ। বৈঠক শেষে জন্মতিথি উদযাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি মন্দিরে শ্রীকৃষ্ণের আরতিতেও অংশগ্রহণ করতে পারেন বলে শোনা যাচ্ছে। সামনে দোল উৎসব থাকায় ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে বহু ভক্তের সমাগম শুরু হয়েছে মায়াপুরে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শাহের সফর ঘিরে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা বেড়েছে। মন্দির চত্বরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। প্রশাসনিক কর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখছেন।




















