বিনোদন – গত এক বছর ধরেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না খান পরিবারের। বিষ্ণোই গ্যাংয়ের তরফে হামলার পর থেকেই লাগাতার খুনের হুমকি পাচ্ছেন সলমন খান। সম্প্রতি হুমকিবার্তা পেয়েছেন তাঁর বোনের স্বামী তথা অভিনেতা আয়ুষ শর্মা-ও। এই পরিস্থিতির মধ্যেই ফের দুশ্চিন্তার খবর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সলমনের বাবা, প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান।
বলিউড সূত্রে জানা গিয়েছে, হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে অসুস্থতার নির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বার্ধক্যজনিত কারণেই তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছে। নবতিপর এই কিংবদন্তি চিত্রনাট্যকারকে দ্রুত হাসপাতালে নিয়ে যান সলমন নিজে।
হাসপাতাল থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি সলমন খান। কালো টি-শার্ট ও প্যান্ট পরে নিরাপত্তা বলয়ে ঘেরা অবস্থায় দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে। পাপারাজ্জিদের তোলা সেই ভিডিও ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগী ও বলিউড মহলে। বান্দ্রার বাসভবন থেকে অল্প দূরত্বে হওয়ায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে লীলাবতী হাসপাতালেই ভর্তি করা হয় সেলিম খানকে।
পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আপাতত তাঁর শারীরিক অবস্থার উপরেই নজর রাখা হচ্ছে। খান পরিবারের এই কঠিন সময়ে ভক্তদের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন বর্ষীয়ান এই চিত্রনাট্যকার।




















