ডিএ মামলায় আইনজীবীদের বিপুল পারিশ্রমিক! সুপ্রিম কোর্ট ঘিরে নতুন বিতর্ক

ডিএ মামলায় আইনজীবীদের বিপুল পারিশ্রমিক! সুপ্রিম কোর্ট ঘিরে নতুন বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নতুন করে মোড় নিয়েছে সুপ্রিম কোর্ট-এ। চূড়ান্ত রায় ঘোষণার পরও বকেয়া মেটাতে সরকার পদক্ষেপ না করায় আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। ফলে ফের শুরু আইনি লড়াই। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেছিলেন, ২৫ মার্চ ২০২৫ থেকে ৮ মার্চ ২০২৫ পর্যন্ত মোট ১৩ বার ডিএ মামলা সর্বোচ্চ আদালতে উঠেছে। এবার সেই মামলায় আইনজীবীদের খরচ নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি।
ডিএ ইস্যুতে রাজ্য জুড়ে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের মধ্যে। আদালতে জয় মিললেও বকেয়া না পাওয়ায় অসন্তোষ আরও তীব্র হয়েছে। এরই মধ্যে সমাজমাধ্যমে মলয় মুখোপাধ্যায়ের পোস্ট ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাঁর দাবি, সুপ্রিম কোর্টে মামলার লড়াইয়ে রাজ্য সরকার বিপুল অঙ্কের অর্থ ব্যয় করেছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, তথ্যের অধিকার আন্দোলনের কর্মী অমিতাভ চৌধুরী-র করা একটি আরটিআইয়ের মাধ্যমে জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি-কে রাজ্য সরকার যথাক্রমে ৩ কোটি ১৬ লক্ষ টাকা এবং ৪ কোটি ৬২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেছে। এই অর্থ রাজ্য কোষাগার থেকেই ব্যয় হয়েছে বলে দাবি করা হয়েছে।
মলয় মুখোপাধ্যায় আরও জানান, গত ছয় বছরে মোট ৫১ জন আইনজীবীর পেছনে ব্যয় হয়েছে প্রায় ৮৭ কোটি ৭৭ লক্ষ ১৭ হাজার ৪৪৯ টাকা। এই তথ্য সামনে আসতেই ক্ষোভ ছড়িয়েছে কর্মচারী মহলে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যেখানে বকেয়া ডিএ মেটানো হয়নি, সেখানে আইনজীবীদের পেছনে এত বিপুল অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও এই তথ্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার রায় হয়েছে তা পঞ্চম পে কমিশন সংক্রান্ত। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী বকেয়ার অঙ্ক প্রায় ৪০ হাজার কোটি টাকা। আদালত সেই অঙ্কের অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মেটানোর নির্দেশ দিয়েছে, যার পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top