রাজ্য – সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই বড়সড় দাবি নিয়ে হাজির ‘All Bengal Bus Minibus Owners Association’। দিনক্ষণ ঘোষণার আগেই সংগঠনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার এবং পরিবহণ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। সাফ জানানো হয়েছে—বর্তমান বাজারদরে খরচ যেভাবে বেড়েছে, তাতে পুরনো ভাড়ায় আর নির্বাচন কমিশনকে বাস বা গাড়ি দেওয়া সম্ভব নয়। দাবি না মানলে ভোটের ডিউটিতে যান সংকট তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
বাসমালিকদের বক্তব্য, জ্বালানির মূল্যবৃদ্ধি, কর্মীদের বেতন, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে বর্তমান ভাড়ার কাঠামো কার্যত অচল। তাই নতুন করে ভাড়া নির্ধারণের দাবি জানানো হয়েছে। তাঁদের প্রস্তাব অনুযায়ী—
বর্তমান ২,৫৩০ টাকার বদলে ৩,২০০ টাকা ভাড়া নির্ধারণ
দৈনিক ২,০৯০ টাকার পরিবর্তে ২,৮০০ টাকা
জলখাবারের বরাদ্দ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা
নাইট হল্টে অতিরিক্ত ৩০০ টাকা ভাতা
সংগঠনের সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভোটের সময় বাস সরবরাহ করে কার্যত কোনও লাভ থাকে না। ফলে শেষ মুহূর্তে অচলাবস্থা এড়াতেই আগেভাগে দাবি জানানো হয়েছে। একই দাবিপত্র পাঠানো হয়েছে পরিবহণ সচিব সৌমিত্র মোহনের কাছেও।
তবে এখনও পর্যন্ত নবান্ন বা নির্বাচন কমিশনের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সবুজ সংকেত মেলেনি। ফলে ভোটের আগে পরিবহণ সংক্রান্ত এই টানাপোড়েন কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




















