দিল্লিতে আটক হওয়ার পরই কলকাতায় নেহা, যাদবপুরে ভিড় উপচে পড়ল ছাত্র কনভেনশনে

দিল্লিতে আটক হওয়ার পরই কলকাতায় নেহা, যাদবপুরে ভিড় উপচে পড়ল ছাত্র কনভেনশনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা

দিল্লিতে পুলিশি হেফাজতে থাকার পর মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতায় কর্মসূচিতে যোগ দিলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা AISA-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ উদ্যোগে আয়োজিত ‘জেন জি আন্দোলন: প্রজন্ম ও প্রতিরোধের ঐক্য’ শীর্ষক কনভেনশনে যোগ দেন তিনি।

রবিবার দিল্লিতে CEC জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভে নেহা বোরা-সহ একাধিক আন্দোলনকারীকে আটক করেছিল পুলিশ। AISA-র তরফে অভিযোগ করা হয়েছিল, তাঁকে একটি সরকারি নম্বরবিহীন গাড়িতে করে নরেলা শিল্পাঞ্চল থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ অবশ্য AISA-র কিছু অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগও তুলেছে।

দিল্লির সেই ঘটনার পরই এদিন যাদবপুরে দেখা যায় নেহাকে। শারীরিক ক্লান্তি নিয়েই তিনি কনভেনশনে বক্তব্য রাখেন। সভাস্থলে তাঁর ঘিরে সমর্থকদের মধ্যে উৎসাহও দেখা যায়। বক্তব্যে নেহা বলেন, মারধর বা ভয় দেখিয়ে বামপন্থী আন্দোলনকে থামানো যাবে না। তাঁর দাবি, ভয় দেখিয়ে আন্দোলনের আদর্শকে পিছিয়ে দেওয়া সম্ভব নয়।

এদিনের কনভেনশনে উপস্থিতির চাপও ছিল উল্লেখযোগ্য। নির্ধারিত হলের জায়গা ছাড়িয়ে ভিড় বাড়তে থাকায় শেষ পর্যন্ত কর্মসূচি খোলা জায়গায় সরিয়ে নেওয়া হয়। সেখানে SIR বাতিল, জাতীয় শিক্ষানীতি ২০২০ নিয়ে আপত্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার রক্ষার মতো একাধিক দাবি সামনে রাখা হয়।

কনভেনশনে বিশ্ববিদ্যালয়ের গবেষক সংগঠনের সম্পাদক আফরীন শিল্পী এবং এসআরএফটিআই-এর প্রতিনিধি শুভম-সহ একাধিক বক্তা বক্তব্য রাখেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও এসআরএফটিআই-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটও আলোচনায় উঠে আসে।

দিল্লিতে নেহা বোরা যে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তার মূল দাবির মধ্যে ছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং SIR নিয়ে আপত্তি। গত কয়েক দিন ধরে দিল্লিতে ওই আন্দোলন ঘিরে একাধিক দফায় আটক ও পুলিশি পদক্ষেপের ঘটনা ঘটেছে।

কলকাতায় ফিরে যাদবপুরের মঞ্চ থেকেও নেহা SIR এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন। ফলে দিল্লির আন্দোলনের রেশ কাটার আগেই বাংলায় তাঁর এই কর্মসূচি ঘিরে বামপন্থী ছাত্র রাজনীতিতে নতুন করে তৎপরতা দেখা গেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top