রাজ্য – সামনেই বিধানসভা নির্বাচন, যদিও এখনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র নেতৃত্বে নবান্নে বসতে চলেছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটিই হতে পারে শেষ মন্ত্রিসভা বৈঠক। বৃহস্পতিবার বিকেলে নির্ধারিত এই বৈঠককে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠতে পারে। নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত, কর্মচারীদের উন্নয়নমূলক প্রস্তাব, শিল্পের জন্য জমি বরাদ্দে ছাড়পত্র এবং বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর পড়তে পারে বলেও জানা গিয়েছে।
পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে কৌশলগত বিষয় নিয়েও আলোচনা হতে পারে। কীভাবে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা যায়, কোন পথে এগোলে রাজনৈতিকভাবে এগিয়ে থাকা সম্ভব— সেই বিষয়গুলি নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন সকল মন্ত্রীকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, মার্চের দ্বিতীয় সপ্তাহে তা প্রকাশিত হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। তার আগেই একবার মন্ত্রিসভার সঙ্গে বিস্তারিত আলোচনা সেরে প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইছে শাসক শিবির। বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলেও মনে করা হচ্ছে। সেই সিদ্ধান্তগুলির দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।



















