রবিবার থেকে বদলাবে আবহাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রবিবার থেকে বদলাবে আবহাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – দক্ষিণবঙ্গ থেকে শীত কার্যত বিদায় নিয়েছে। গত কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করায় সকাল ও সন্ধ্যার ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে। এর মধ্যেই নতুন করে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। তার ফলেই আবহাওয়ার এই পরিবর্তনের ইঙ্গিত মিলছে। যদিও সকালবেলায় কিছু জেলায় হালকা কুয়াশা দেখা যাচ্ছে, তবে দিনের দিকে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকছে। তবে সপ্তাহান্ত থেকেই পরিস্থিতি বদলাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, শনিবার থেকেই আকাশ আংশিক মেঘলা হয়ে যেতে পারে। ধীরে ধীরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সোমবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ—দুই জায়গাতেই বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করার পাশাপাশি উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকছে। এই দুই আবহাওয়াগত কারণের প্রভাবেই রাজ্যে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রার ওঠানামার কারণে সকালবেলায় কুয়াশা তৈরির সম্ভাবনাও থাকছে। রবিবার থেকে আকাশে মেঘের পরিমাণ আরও বাড়তে পারে।
কলকাতায় শুক্রবার সকালেও কয়েকটি এলাকায় কুয়াশা দেখা গিয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। শহরে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যার ফলে শীতের অনুভূতি প্রায় উধাও হয়ে গিয়েছে। বর্তমানে শহরে উষ্ণতার আমেজই বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার বা মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আগামী কয়েক দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ২.৩ ডিগ্রি বেশি। অন্যদিকে বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। বর্তমানে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৩ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top