তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর টাকা দিয়ে টিকিট বিক্রির অভিযোগ তুললেন সৌমিত্র খাঁ

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর টাকা দিয়ে টিকিট বিক্রির অভিযোগ তুললেন সৌমিত্র খাঁ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সোমবার বিজেপির প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এবারের তালিকায় পুরনো মুখদের পাশাপাশি একাধিক নতুন মুখকে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরে। রয়েছেন কয়েকজন তারকা প্রার্থীও। এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলার মধ্যেই তৃণমূলকে কটাক্ষ করে মুখ খুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর অভিযোগ, প্রার্থীপদ টাকা দিয়ে বিক্রি হয়েছে।
এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় সৌমিত্র খাঁ তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ২০১৮ সালেই তিনি বলেছিলেন তৃণমূল চুরি করে—কয়লা, বালি ও চাকরি চুরি থেকে শুরু করে দলের পুরনো কর্মীদের “আত্মাও” চুরি করে। তাঁর দাবি, এবার তিনি নিজে প্রমাণ পেয়েছেন যে প্রার্থী বিক্রি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজেপিতে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা প্রত্যেকেই দলের দীর্ঘদিনের কর্মী। উদাহরণ হিসেবে বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রের প্রার্থী চন্দনা বাউড়ির কথা উল্লেখ করেন তিনি। বাউড়ি সমাজের প্রতিনিধি হিসেবে তাঁকে প্রার্থী করা হয়েছিল এবং তিনি ভালো কাজ করেছেন বলেই এবারও তাঁকে টিকিট দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত—এমনটাই দাবি করেন সৌমিত্র খাঁ।
তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পুরনো তৃণমূল নেতারা কেন টিকিট পেলেন না, তা স্পষ্ট করা উচিত। তাঁর অভিযোগ, যাঁদের মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই, এমন ব্যবসায়ী ও নতুন মুখদের টিকিট দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, কোথাও ২ কোটি, কোথাও ৪-৫ কোটি টাকায় টিকিট বিক্রি হয়েছে।
সৌমিত্র খাঁ জোর দিয়ে বলেন, বিজেপিতে টাকা দিয়ে প্রার্থী পদ বিক্রির কোনও ঘটনা হয়নি। তাঁর মতে, তৃণমূলে এমন ঘটনা ঘটেছে বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, এবারের নির্বাচনে তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top