রাজ্য – রাজ্য রাজনীতিতে ফের একবার হাইপ্রোফাইল প্রচারের মঞ্চ তৈরি। সোমবার থেকে দুই মেদিনীপুরে টানা প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee। যেখানে বিজেপি এখনও জেলার একটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি, সেখানে সপ্তাহের শুরুতেই পশ্চিম মেদিনীপুরে প্রথম দফার প্রচারে নামছেন দলনেত্রী। রাজনৈতিক মহলে এই কর্মসূচিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এর আগেই জেলায় দাসপুর ও কেশিয়াড়ীতে জোড়া সভা করে গিয়েছেন দলের ‘সেনাপতি’ Abhishek Banerjee। এবার ৩০ ও ৩১ মার্চ—দু’দিনে মোট চারটি জনসভা করবেন Mamata Banerjee। সোমবার ডেবরা ও নারায়ণগড়ে সভা রয়েছে, আর মঙ্গলবার চন্দ্রকোনা ও গড়বেতায় প্রচার সভা করবেন তিনি।
ডেবরা কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী Rajib Banerjee। এক সময় বিজেপিতে যোগ দিলেও তিনি ফের তৃণমূলে ফিরে এসেছেন। ডেবরার বর্তমান বিধায়ক হুমায়ুন কবীরকে ডোমকলে পাঠিয়ে ওই আসনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে দল। ফলে এই কেন্দ্রে লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।
অন্যদিকে, নারায়ণগড় কেন্দ্রে প্রার্থী হয়েছেন বর্তমান জেলা সভাধিপতি Pratibha Maiti। এখানে দলের বিদায়ী বিধায়ক সূর্যকান্ত অট্টকে এবার প্রার্থী করা হয়নি। তাঁকে ঘিরে এলাকার অসন্তোষের জেরে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। যদিও প্রার্থী ঘোষণা নিয়ে প্রাথমিক ক্ষোভ থাকলেও পরে প্রতিভা মাইতির সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। প্রতিভা নিজেই জানিয়েছেন, “কোনও মান-অভিমান নেই, সূর্যবাবু আমাদের নেতা এবং তিনি প্রচারে পাশে থাকবেন।”
৩১ মার্চ গড়বেতা ও চন্দ্রকোনায় সভা করবেন Mamata Banerjee। গড়বেতা কেন্দ্রে প্রার্থী হয়েছেন বর্তমান বিধায়ক Uttara Singha Hazra, যিনি প্রাক্তন সভাধিপতিও। তাঁর সমর্থনেই গড়বেতায় জনসভা করবেন দলনেত্রী।
দু’দিনে চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই ধারাবাহিক সভাকে ঘিরে তৃণমূল শিবিরে ইতিমধ্যেই চাঙ্গা আবহ। ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করতে এবং কর্মীদের উদ্দীপ্ত করতে এই প্রচারসূচি বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




















