কলকাতা – মাত্র ১৮০ দিনের মধ্যে মাথা ও গলার একশোটি জটিল অস্ত্রোপচার করে নজির গড়েছে কলকাতা মেডিক্যাল কলেজ। উল্লেখযোগ্য বিষয় হল, এই সমস্ত অস্ত্রোপচারই করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। শনিবার এই তথ্য জানিয়েছেন সার্জিকাল অঙ্কোলজি বিভাগের প্রধান ডা. সৌরভকুমার ঘোষ।
তিনি জানান, দেশজুড়ে হেড অ্যান্ড নেক সার্জারিতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। সেই সুবিধা যাতে সরকারি ব্যবস্থার মাধ্যমে প্রান্তিক মানুষও পান, তার লক্ষ্যেই এই উদ্যোগ। আর সেই কারণেই দেশের অন্যতম সেরা ইএনটি সার্জন ডা. প্রমথেশ এস পাই হাজির হন কলকাতা মেডিক্যালে।
এই উপলক্ষে ইএনটি বিভাগের উদ্যোগে একটি অন্তর্বিভাগীয় ক্লিনিকাল বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ডা. প্রমথেশ এস পাই মৃতদেহের উপর হাতে-কলমে হেড অ্যান্ড নেক সার্জারির প্রশিক্ষণ দেন চিকিৎসকদের। কলকাতা মেডিক্যালের ইএনটি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. দীপ্তাংশু মুখোপাধ্যায় জানান, মস্তিষ্কের নিচের অংশ দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ স্নায়ুগুলি যাওয়ার কারণে এই ধরনের অস্ত্রোপচার অত্যন্ত জটিল। তাই স্নায়ু অক্ষত রেখে কীভাবে অপারেশন করতে হয়, সেই সূক্ষ্ম পদ্ধতিই শেখানো হয়।
এই প্রশিক্ষণে শুধু জুনিয়র চিকিৎসকরাই নন, রাজ্যের বহু অভিজ্ঞ ইএনটি সার্জনও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ডা. অরুণাভ সেনগুপ্ত, ডা. সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ডা. রামানুজ সিনহা প্রমুখ।
সূত্রের খবর, ভবিষ্যতে এই ধরনের অস্ত্রোপচার আরও উন্নত করতে রোবোটিক সার্জারি চালুর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এখানে এন্ডোস্কপিক, ল্যাপারোস্কপিক সার্জারির পাশাপাশি রক্তপাত কমাতে হারমোনিক স্ক্যালপেল, লিগাশিওর এবং লেজারের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে।
শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস, সুপার ডা. অঞ্জন অধিকারী, ডা. সৌরভ দত্ত এবং অ্যানাটমি বিভাগের প্রধান ডা. মৈত্রেয়ী মণ্ডল। এছাড়াও এই সম্মেলনে যোগ দেন টাটা মেডিক্যাল সেন্টার এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর চিকিৎসকরাও।
এই উদ্যোগ নিঃসন্দেহে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করল।




















