শারীরিক পরীক্ষা করিয়ে নিজেকে ‘সম্পূর্ণ সুস্থ’ বললেন ডোনাল্ড ট্রাম্প

শারীরিক পরীক্ষা করিয়ে নিজেকে ‘সম্পূর্ণ সুস্থ’ বললেন ডোনাল্ড ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ – আগামী মাসেই ৮০ বছরে পা দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তার ঠিক আগেই মঙ্গলবার তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে পূর্ণ শারীরিক পরীক্ষা করান। আর পরীক্ষার পরেই সাংবাদিকদের সামনে দাবি করেন, তাঁর শরীরে কোনও সমস্যা নেই। বরং সবকিছুই “নিখুঁত” অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
গত এক বছর ধরেই ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা এবং আলোচনা চলছিল। রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল, বয়সজনিত কারণে তাঁর শরীরে একাধিক সমস্যা দেখা দিয়েছে। যদিও সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন। তবে তিনি তাঁর স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেননি।
অতীতেও একাধিকবার নিজের শারীরিক সক্ষমতা নিয়ে সরব হয়েছেন ট্রাম্প। বিশেষ করে তিনি প্রায়ই নিজেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট Joe Biden-এর তুলনায় বেশি কর্মচঞ্চল ও সক্রিয় বলে দাবি করেছেন। উল্লেখ্য, ৮২ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন। আর এবার আশির দোরগোড়ায় দাঁড়িয়েও নিজের সুস্থতা নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প।
গত বছরও তিনি দাবি করেছিলেন, তাঁর এমআরআই স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। ট্রাম্পের কথায়, চিকিৎসক নাকি এমন ভালো রিপোর্ট আগে খুব কমই দেখেছেন।
তবে চলতি বছরের শুরুতে ট্রাম্পের একটি ছবি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল। ভাইরাল হওয়া সেই ছবিতে তাঁর হাতের একটি অংশে সাদা দাগ এবং কালশিটের মতো চিহ্ন দেখা যায়। অনেকেই দাবি করেছিলেন, কোনও শারীরিক সমস্যার কারণেই এমন হয়েছে এবং তা ঢাকতে মেকআপ ব্যবহার করা হয়েছে।
সেই সময় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি নিয়মিত অ্যাসপিরিন খান এবং সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই হাতে কালশিটে পড়ে। তাঁর দাবি, রক্ত পাতলা রাখার জন্যই এই ওষুধ খেতে হয় যাতে হৃদপিণ্ডে ঘন রক্ত চলাচল না করে।
সম্প্রতি তাঁর গলায় ছোপ ছোপ ফুসকুড়ির ছবি নিয়েও উদ্বেগ ছড়িয়েছিল। যদিও The White House জানিয়েছিল, এটি সাধারণ ত্বকের সমস্যা এবং তার জন্য প্রয়োজনীয় ক্রিম ব্যবহার করা হচ্ছে। প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেও জানানো হয়েছিল।
এদিনের স্বাস্থ্য পরীক্ষার পর ট্রাম্প আবারও স্পষ্ট করে দিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং আগামিদিনেও সক্রিয়ভাবেই দায়িত্ব পালন করতে প্রস্তুত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top