দক্ষিন চব্বিশ পরগনা – দেশের অন্যতম নামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান Jadavpur University এবার সম্পূর্ণ ডিজিটাল কর্মপদ্ধতির দিকে বড় পদক্ষেপ নিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মে কাগজের ব্যবহার কমিয়ে ‘পেপারলেস’ কর্মসংস্কৃতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীদের ছুটির আবেদন থেকে শুরু করে বিভিন্ন বিভাগের রিপোর্ট, প্রশাসনিক নথি, দাবি বা আবেদন—সব কিছুই এবার নির্দিষ্ট ইমেল আইডির মাধ্যমে জমা দিতে হবে। কাগজে আবেদন বা নথি জমা নেওয়ার প্রথা ধীরে ধীরে বন্ধ করা হবে বলেও স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও ইউনিটকে নিজেদের প্রয়োজনীয় নথি এক্সেল বা পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে। সেই সমস্ত নথি সরাসরি উচ্চশিক্ষা দপ্তরে ফরওয়ার্ড করা হবে। এই ডিজিটাল প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট ইমেল আইডিও চালু করা হয়েছে— e-office@jadavpuruniversity.in
প্রথম পর্যায়ে রেজিস্ট্রারের অফিস থেকেই এই ‘পেপারলেস’ কার্যপদ্ধতি চালু করা হবে। পরে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও একই ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশাসনের দাবি, এতে কাজের গতি যেমন বাড়বে, তেমনই অপ্রয়োজনীয় কাগজের ব্যবহারও অনেকটাই কমবে।
রাজ্যের নতুন সরকারের তরফে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ডিজিটাল পদ্ধতিতে বেশি জোর দেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিশেষ করে যেখানে অনলাইনে কাজ করার সুযোগ রয়েছে, সেখানে অযথা কাগজ ব্যবহার না করার বার্তাই দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। সেই উদ্যোগকেই কার্যত বাস্তবায়িত করতে এগিয়ে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
প্রযুক্তিনির্ভর শিক্ষা ও আধুনিক কার্যপদ্ধতির ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবরই আলাদা গুরুত্ব পেয়ে এসেছে। বিশেষত উচ্চশিক্ষার অনেকাংশই এখন অনলাইন নির্ভর হয়ে ওঠায় কাগজের ব্যবহার আগের তুলনায় কমেছে। তবুও প্রশাসনিক বিভিন্ন কাজে এখনও প্রচুর কাগজ ব্যবহৃত হয়। সেই অপচয় রুখতেই এবার সম্পূর্ণ কাগজহীন কর্মসংস্কৃতির পথে হাঁটছে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন শিক্ষা মহলের একাংশ। এখন দেখার, যাদবপুরের দেখানো পথে ভবিষ্যতে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ও একই ধরনের ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করে কি না।




















