রাজ্য – উত্তরবঙ্গে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস) গড়ার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। সরকারি সূত্রে খবর, শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় একটি এবং ফাঁসিদেওয়ায় দু’টি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই জমি সংক্রান্ত সমীক্ষার চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হতে পারে বলে জানা গিয়েছে।
প্রশাসনিক মহলের মতে, বিমান, সড়ক ও রেল যোগাযোগের সুবিধা এবং পর্যাপ্ত জমির প্রাপ্যতার কারণে ফাঁসিদেওয়া কিছুটা এগিয়ে রয়েছে। উত্তরবঙ্গে একটি আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কেন্দ্রের সঙ্গে আলোচনা করেছেন বলে সূত্রের খবর। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু উত্তরবঙ্গ নয়, প্রতিবেশী রাজ্যগুলির মানুষও উন্নত চিকিৎসা পরিষেবার সুবিধা পাবেন।
একটি পূর্ণাঙ্গ এইমস ক্যাম্পাস সাধারণত ১৫০ থেকে ২০০ একর জমির উপর গড়ে তোলা হয়। সেখানে ৭৫০ থেকে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসন, মেডিক্যাল কলেজ, গবেষণা কেন্দ্র এবং অন্যান্য স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণের জন্য বিপুল পরিমাণ জমির প্রয়োজন হয়। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে উত্তরবঙ্গে এইমস গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ শুরু হয়েছে।
শিলিগুড়িতে অনুষ্ঠিত জেলা বিজেপির কোর কমিটির বৈঠকেও এইমস স্থাপনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখান থেকে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, উত্তরবঙ্গে এইমস নির্মাণের জন্য তিনটি সম্ভাব্য স্থান প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলি নিয়ে পর্যালোচনা চলছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আলোচনায় থাকা জমিগুলির অধিকাংশই সরকারি মালিকানাধীন। জমির প্রকৃতি, আইনি অবস্থা, লিজ সংক্রান্ত বিষয় এবং অবকাঠামোগত সুবিধা খতিয়ে দেখা হচ্ছে। ফাঁসিদেওয়া এলাকার বেশ কয়েকটি চা বাগান এবং সংলগ্ন সরকারি জমিও বিবেচনায় রয়েছে। বাগডোগরা বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলকে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে।
এছাড়াও মাটিগাড়া-নকশালবাড়ি এলাকার একটি বড় জমিও পর্যালোচনার আওতায় রয়েছে। প্রশাসনের মতে, যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিকাঠামোর দিক থেকে ওই এলাকাও উপযুক্ত হতে পারে। সবদিক বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যেই প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ধাপে ধাপে প্রকল্পের অগ্রগতি ঘটানো হবে।




















