পশ্চিমাঞ্চলের উন্নয়নে ১৬১০ কোটি বরাদ্দ, বাঁকুড়ার বৈঠক থেকে বড় ঘোষণা শুভেন্দুর

পশ্চিমাঞ্চলের উন্নয়নে ১৬১০ কোটি বরাদ্দ, বাঁকুড়ার বৈঠক থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের সার্বিক উন্নয়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি জানান, চলতি অর্থবর্ষের প্রথম আট মাসে পশ্চিমাঞ্চলের ৭৬টি গ্রামীণ ব্লকের উন্নয়নের জন্য মোট ১৬১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তা ও অন্যান্য পরিকাঠামোর পাশাপাশি স্কুল, আইসিডিএস কেন্দ্র এবং পিছিয়ে থাকা গ্রামগুলির উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর, জেলা প্রশাসন, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, আগের অর্থবর্ষে পশ্চিমাঞ্চলের জন্য মাত্র ২০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল এবং তার মধ্যে মাত্র ৬ কোটি টাকা খরচ করা হয়েছিল। সেই পরিস্থিতি বদলাতেই এবার বরাদ্দের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

বরাদ্দ করা ১৬১০ কোটি টাকার মধ্যে ১০ কোটি টাকা কর্মীদের বেতন এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য রাখা হয়েছে। বাকি ১৬০০ কোটি টাকা সরাসরি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে খরচ করা হবে। দ্রুত কাজ শুরু করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পগুলি শেষ করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের আওতাধীন ৭৬টি গ্রামীণ ব্লককে এই পরিকল্পনার আওতায় আনা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান এবং সামাজিক উন্নয়নের দিকেও নজর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, কুর্মি, বাউড়ি-সহ বিভিন্ন প্রান্তিক সম্প্রদায়ের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে নয়াগ্রাম, বান্দোয়ান-সহ একাধিক পিছিয়ে থাকা ব্লকের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। কোন এলাকায় কী ধরনের প্রকল্প প্রয়োজন এবং বরাদ্দ অর্থ কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা হবে, তা নিয়েও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top