মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ অক্টোবর বাংলার ২৩ জেলায় ‘সেবা জ্যোতি যাত্রা’, জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে প্রধানমন্ত্রীর ভাষণ

মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ অক্টোবর বাংলার ২৩ জেলায় ‘সেবা জ্যোতি যাত্রা’, জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে প্রধানমন্ত্রীর ভাষণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ অক্টোবর দেশজুড়ে ‘সেবা জ্যোতি যাত্রা’ করবে বিজেপি। পশ্চিমবঙ্গেও দলের ২৩টি সাংগঠনিক জেলার সদর দফতরে এই কর্মসূচি আয়োজনের কথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু হওয়া মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে তাঁর ২৫ বছরের জনজীবন ও প্রশাসনিক কর্মকাণ্ডকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও জানিয়েছেন, ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসেবার ২৫ বছর পূর্ণ হবে।

শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ৭ অক্টোবর রাজ্যের ২৩টি সাংগঠনিক জেলার সদর দফতরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে বিজেপি কর্মীদের উপস্থিতিতে জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের বক্তব্য সম্প্রচার করা হবে।

বক্তব্য সম্প্রচার শেষ হওয়ার পরই শুরু হবে ‘সেবা জ্যোতি যাত্রা’। বিজেপি কর্মীরা হাতে মশাল নিয়ে পদযাত্রায় অংশ নেবেন। দলের পরিকল্পনা অনুযায়ী, দেশের অন্যান্য প্রান্তের মতো বাংলাতেও জেলা স্তরে এই কর্মসূচির মাধ্যমে মোদির ২৫ বছরের প্রশাসনিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ‘সেবা সংকল্প অভিযান’-এর আওতায় শুধু যাত্রাই নয়, রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য শিবির, জনসংযোগ এবং বিভিন্ন সামাজিক পরিষেবা কর্মসূচিও নেওয়া হয়েছে। ৭ অক্টোবর দেশের বিভিন্ন জেলায় ‘সেবা জ্যোতি যাত্রা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, বাংলার প্রতিটি সাংগঠনিক জেলাতেই কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে ৭ অক্টোবর রাজ্যের বিভিন্ন প্রান্তে একসঙ্গে বিজেপির মশাল মিছিল ও দলীয় কর্মসূচি দেখা যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top