কলকাতা
স্বাস্থ্য ভবনের কন্ট্রোলরুম পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের পরিষেবা, রোগীদের পরিস্থিতি এবং জরুরি ব্যবস্থাপনা কীভাবে চলছে, কন্ট্রোলরুমের মাধ্যমে তার উপর নিয়মিত নজরদারি করা হচ্ছে বলে জানান তিনি।
কোনও হাসপাতালে পরিষেবা সংক্রান্ত সমস্যা তৈরি হলে দ্রুত তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। হাসপাতালগুলিতে পরিষেবা সংক্রান্ত পরিস্থিতি কীভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সেই ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন তিনি।
সুমনা সরকার জানান, মানুষের কাছে যাতে সময়মতো উন্নত এবং নিরবচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেটিই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই স্বাস্থ্য পরিষেবার উপর নজরদারি আরও শক্তিশালী করা হচ্ছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বক্তব্য, কোনও সমস্যা সামনে এলে দ্রুত তার সমাধানের জন্য প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। হাসপাতাল পরিষেবায় নজরদারি জোরদার করার পাশাপাশি মানুষের পাশে প্রশাসনকে আরও সক্রিয় রাখার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।




















