হাওড়া
হাওড়া পুরসভার বাসিন্দাদের জন্য বড়সড় স্বস্তির খবর। বকেয়া সম্পত্তি করের উপর জমা হওয়া সুদ ও জরিমানা সম্পূর্ণ মকুবের সিদ্ধান্ত কার্যকর করেছে হাওড়া পুরসভা। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর এই ওয়েভার স্কিম চালু হয়েছে।
এই প্রকল্পের ফলে হাওড়া পুর এলাকার প্রায় ১ লক্ষ ৯০ হাজার সম্পত্তি করদাতা উপকৃত হতে পারেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে হাওড়ায় বকেয়া সম্পত্তি করের পরিমাণ প্রায় ৪৮০ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে বকেয়া কর আদায় বাড়িয়ে পুরসভার রাজস্বও বৃদ্ধি করার লক্ষ্য নেওয়া হয়েছে।
ওয়েভার স্কিম অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক পর্যন্ত বকেয়া থাকা সম্পত্তি করের ক্ষেত্রে প্রযোজ্য সুদ ও জরিমানায় ১০০ শতাংশ ছাড় মিলবে। পাশাপাশি আবাসিক সম্পত্তির ক্ষেত্রে মূল বকেয়া করের উপর অতিরিক্ত ১০ শতাংশ রিবেটের সুবিধাও থাকছে।
এই সুবিধা নিতে করদাতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া কর মেটাতে হবে। হাওড়া পুরসভার তরফে জানানো হয়েছে, প্রকল্পটি ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। বাড়িতে বসেই অনলাইনে বকেয়া কর মিটিয়ে এই সুবিধা নেওয়া যাবে। যাঁরা অনলাইনে কর জমা দিতে পারবেন না, তাঁরা সরাসরি পুরসভায় গিয়েও টাকা জমা দিতে পারবেন।
দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভায় বিপুল পরিমাণ সম্পত্তি কর বকেয়া রয়েছে। সেই বকেয়া দ্রুত আদায় করার পাশাপাশি সাধারণ করদাতাদের উপর জমে থাকা সুদ ও জরিমানার বোঝা কমাতেই এই প্রকল্প নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। পুর আধিকারিকদের আশা, একদিকে নাগরিকরা বকেয়া কর মেটাতে উৎসাহিত হবেন, অন্যদিকে পুরসভার রাজস্ব আদায়ও বাড়বে।
ফলে হাওড়ার যে সমস্ত সম্পত্তি করদাতার দীর্ঘদিনের বকেয়া রয়েছে, তাঁদের জন্য এই ওয়েভার স্কিম আর্থিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কর মিটিয়ে সুদ ও জরিমানার সম্পূর্ণ ছাড় এবং আবাসিক সম্পত্তির ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ রিবেটের সুবিধা নেওয়া যাবে।




















