নয়াদিল্লি
রাতের দিকে আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। রাত প্রায় ১০টা ২৩ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ-সহ গোটা দিল্লি-এনসিআর এলাকায় কম্পন টের পাওয়া যায়।
আকস্মিক ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা নিরাপত্তার জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। বিশেষ করে গাজিয়াবাদ, নয়ডা এবং মীরাটের বিভিন্ন হাউজিং সোসাইটিতে কম্পন অনুভূত হওয়ার পর অনেকেই বাইরে বেরিয়ে আসেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দিল্লি-এনসিআরে অনুভূত কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৪.৯ ছিল। ভূমিকম্পের উৎসস্থল সম্পর্কেও বিভিন্ন তথ্য সামনে এসেছে। একই সময়ে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ৪.৪ মাত্রার কম্পন রেকর্ড হওয়ার খবর পাওয়া গিয়েছে।
উত্তরাখণ্ডের একাধিক জেলা ছাড়াও হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তর ভারতের আরও কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলাতেও ভূমিকম্পের প্রভাব পড়ে।
এদিকে আফগানিস্তানকে কেন্দ্র করে ৬.১ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্পের খবর সামনে এসেছে। সেই কম্পনের প্রভাবও উত্তর ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।
রাতের ভূমিকম্পের পর দিল্লি-এনসিআর এবং উত্তর ভারতের বিভিন্ন এলাকায় আতঙ্ক তৈরি হলেও পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলি।




















