সম্পত্তি করের বকেয়া মেটাতে বড় ছাড় কলকাতা পুরসভার, মার্চ ২০২৭ পর্যন্ত চলবে ওয়েভার স্কিম

সম্পত্তি করের বকেয়া মেটাতে বড় ছাড় কলকাতা পুরসভার, মার্চ ২০২৭ পর্যন্ত চলবে ওয়েভার স্কিম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: কলকাতাবাসীর জন্য সম্পত্তি করের বকেয়া মেটাতে বিশেষ ছাড়ের সুযোগ আনল কলকাতা পুরসভা (KMC)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর বৃহস্পতিবার পুরসভায় সাংবাদিক বৈঠক করে এই নতুন ওয়েভার স্কিমের কথা জানান পুরসভার প্রশাসক তথা কমিশনার স্মিতা পাণ্ডে। আপাতত ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

এই প্রকল্পের মূল লক্ষ্য দীর্ঘদিন ধরে বকেয়া থাকা সম্পত্তি কর আদায় করা এবং করদাতাদের বকেয়া মেটানোর সুযোগ করে দেওয়া। নির্ধারিত শর্ত পূরণ করে বকেয়া করের মূল টাকা জমা দিলে সুদ ও জরিমানায় উল্লেখযোগ্য ছাড় পাওয়া যাবে। আবাসিক, বাণিজ্যিক এবং মিশ্র ব্যবহারের সম্পত্তির ক্ষেত্রে ছাড়ের পরিমাণ আলাদা রাখা হয়েছে।

পুরসভার ঘোষণা অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির আবাসিক সম্পত্তির ক্ষেত্রে বকেয়া করের সুদে ১০০ শতাংশ এবং জরিমানায় ৯৯ শতাংশ ছাড় দেওয়া হবে। মিশ্র ব্যবহারের সম্পত্তির ক্ষেত্রে সুদে ৮০ শতাংশ এবং সম্পূর্ণ বাণিজ্যিক সম্পত্তির ক্ষেত্রে সুদে ৭০ শতাংশ ছাড়ের কথা জানানো হয়েছে। দুই ক্ষেত্রেই জরিমানায় ৯৯ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে। তবে সুবিধা পেতে নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া করের মূল টাকা মেটাতে হবে।

অন্যদিকে, আসন্ন কলকাতা পুরসভার নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, ভোটের আগে এমন সিদ্ধান্তের মাধ্যমে বিজেপি রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছে। যদিও পুরসভার তরফে এই প্রকল্পের লক্ষ্য হিসেবে বকেয়া সম্পত্তি কর আদায় এবং করদাতাদের ছাড় দেওয়ার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top