কলকাতা: দুর্গাপুজোয় পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। পরিবেশবান্ধব পুজোর আয়োজন ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া পুজো কমিটিগুলিকে উৎসাহিত করতে চালু হচ্ছে ‘গ্রিন দুর্গাপুজো এক্সেলেন্স অ্যাওয়ার্ড’। রাজ্যস্তরে সেরা পুজো কমিটিকে দেওয়া হবে ১ লক্ষ টাকা পুরস্কার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই উদ্যোগের কথা ঘোষণা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এই পুরস্কারের জন্য মোট চারটি বিভাগ রাখা হয়েছে। পরিবেশ রক্ষা, মণ্ডপ ও সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মতো বিষয়গুলি বিবেচনা করে সেরা পুজো কমিটিগুলিকে বেছে নেওয়া হবে। পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার ও পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগের জন্য পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ গ্রিন দুর্গাপুজোকে। অন্যদিকে, মণ্ডপ ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য স্বীকৃতি দেওয়া হবে শ্রেষ্ঠ পরিচ্ছন্ন ও বর্জ্য-স্মার্ট পুজোকে।
এই পুরস্কারের জন্য আবেদন করতে চালু করা হচ্ছে ‘গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপ’। পাশাপাশি ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমেও আবেদন করা যাবে। ইতিমধ্যেই প্রায় ২ হাজার পুজো কমিটি পুরস্কারের জন্য আবেদন করেছে বলে জানা গিয়েছে। আবেদনকারী কমিটিগুলির কাজ খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে একটি মূল্যায়ন কমিটি গঠন করা হবে। তাদের পর্যালোচনার ভিত্তিতেই সেরা পুজো কমিটিগুলিকে নির্বাচন করা হবে।
দুর্গাপুজোকে পরিবেশ সচেতনতার প্রচারের মাধ্যম হিসেবেও কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে পুজোমণ্ডপগুলিতে বিশেষ স্টল তৈরি করে দর্শনার্থীদের মধ্যে চারা গাছ বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগে পুজো কমিটিগুলিকেও উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। পরিবেশবান্ধব পুজোর পাশাপাশি সবুজায়ন ও পরিচ্ছন্নতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।




















