কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আহত বাংলার জওয়ান, বিষ্ণুপুরের শান্তনু চন্দ্রের হাতে লাগল গুলি

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আহত বাংলার জওয়ান, বিষ্ণুপুরের শান্তনু চন্দ্রের হাতে লাগল গুলি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বাঁকুড়া —

জম্মু ও কাশ্মীরের কুলগ্রামে জঙ্গি হামলায় আহত হলেন তিন সিআরপিএফ জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা শান্তনু চন্দ্র। জঙ্গিদের ছোড়া গুলি তাঁর হাতে লাগে। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে খবর, আপাতত সুস্থ রয়েছেন তিনি।

জানা গিয়েছে, শান্তনুর বাড়ি বিষ্ণুপুর শহরের শাঁখারিবাজারে। তিনি জম্মু ও কাশ্মীরে সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটালিয়নে কর্মরত। বুধবার দুপুরে ডিউটি চলাকালীন জঙ্গিদের হামলার মুখে পড়েন জওয়ানরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়ই জঙ্গিদের ছোড়া একটি গুলি এসে লাগে শান্তনুর হাতে।

আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। প্রথমে নিজের আঘাতের কথা স্ত্রীকে জানাননি শান্তনু। তাঁর স্ত্রী নন্দিনী চন্দ্র বলেন, “প্রথমে সে জানায়নি যে তার নিজেরই আঘাত লেগেছে। বলেছিল, অন্য একজনের লেগেছে, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে এক আধিকারিক আমাকে ফোন করে জানান যে আমার স্বামী আহত হয়েছেন।”

শান্তনুর বাবা তারাপদ চন্দ্রও ছেলের আঘাতের খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি বলেন, “পুজোর সময় ছেলে বাড়ি ফিরেছিল। লক্ষ্মীপুজোর পর আবার কর্মস্থলে ফিরে যায়। ও ভালো আছে, এটাই আমাদের কাছে স্বস্তির।”

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে সিআরপিএফে চাকরিতে যোগ দেন শান্তনু। দীর্ঘদিন ধরেই দেশের নিরাপত্তার দায়িত্বে কর্মরত তিনি। ছেলের আহত হওয়ার খবর পেয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগে পরিবার। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে খবর পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাড়িতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top