পশ্চিমবঙ্গ —
রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার নামে হকার উচ্ছেদ ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক অব্যাহত। ক্ষমতায় আসার পর থেকেই হকার উচ্ছেদ অভিযান নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে পড়েছে বিজেপি সরকার। এই ইস্যুতে পথে নেমে প্রতিবাদ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমন পরিস্থিতির মধ্যেই হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জাতীয় স্তরে স্বীকৃতি পেতে চলেছে পশ্চিমবঙ্গ। একইসঙ্গে পুরস্কৃত হতে চলেছে দুর্গাপুর পুরনিগম।
কেন্দ্রের PM SVANidhi প্রকল্পের কাজের স্বীকৃতি হিসেবে রাজ্য ও দুর্গাপুর পুরনিগমকে বেছে নেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর নয়াদিল্লিতে আয়োজিত ‘SVANidhi Samman Awards 2026’ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।
কেন্দ্রীয় মন্ত্রকের চিঠিতে স্বীকৃতির কথা
কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের পাঠানো চিঠিতে এই স্বীকৃতির কথা জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, PM SVANidhi প্রকল্প বাস্তবায়নে পশ্চিমবঙ্গ সরকার এবং দুর্গাপুর পুরনিগম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই কাজের স্বীকৃতি হিসেবেই তাদের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
পাশাপাশি, প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম এবং সহযোগিতারও প্রশংসা করেছে কেন্দ্রীয় মন্ত্রক।
হকার উচ্ছেদ নিয়ে বিতর্কের মধ্যেই পুরস্কার
অন্যদিকে, এই পুরস্কারের খবর সামনে আসতেই রাজ্যে হকার উচ্ছেদ নিয়ে চলা বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গায় রাস্তা, ফুটপাত এবং রেলস্টেশন চত্বর থেকে বেআইনি দখল সরানোর অভিযান শুরু হয়েছে। কলকাতার নিউ মার্কেট-সহ একাধিক এলাকায় হকারদের দোকান সরানো নিয়ে সরব হয়েছে তৃণমূল।
একদিকে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান, অন্যদিকে হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার প্রকল্পে কেন্দ্রীয় স্বীকৃতি—দুই বিষয়কে ঘিরেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।




















